১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা রোববার (২৭ অক্টোবর) থেকে শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটকের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে নিতে হবে।
(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র (সার্টিফিকেট) ও নম্বরপত্র (মার্কশিট)
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন সনদ।
(গ) লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।
জানা গেছে, এবার ১০টি বোর্ডে মৌখিক পরীক্ষা নেয়া হবে। প্রতিটি বোর্ডে তিনজন করে দায়িত্বে থাকবেন। এদের মধ্যে একজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং এনটিআরসিএর একজন কর্মকর্তা থাকবেন।
তথ্যমতে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০ জন, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ জন এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।