লেবানন থেকে আজও ৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে সর্বমোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছে।

নিজস্ব প্রতিবেদক,
লেবানন থেকে আজও ৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে সর্বমোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছে।
সোমবার (০৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন, হতে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সরকারি ব্যয়ে দেশে আনা হয়েছে।
সকালে ফ্লাইট যোগে ৭০ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে আজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। উল্লেখ্য এ পর্যন্ত সাতটি ফ্লাইটে সর্বমোট ৩৩৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে আনা হয়েছে।
অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কর্মকর্তাবৃন্দ।
আইওএমের পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫০০০ টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত, দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।