টানা তিনদিন অবরোধের পর অবশেষে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,
বেতন পরিশোধের আশ্বাসের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা।
সোমবার দুপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে প্রথমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে মোবাইল ফোনে শ্রম ও কর্মসংস্থান সচিব দাবি পূরণের আশ্বাস দিলে রাস্তা থেকে সরে যান পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন না পেলে আবারও বিক্ষোভের কথা জানান তারা।
বিষয়টি সমাধানে শ্রমিক প্রতিনিধিদের মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া জানিয়েছেন, ‘আগামী রোববার বেতনের ৬ কোটি টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব।’
শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। রোববার রাতেও বাসায় ফেরেননি পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরেও গাজীপুর নগরীর কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন তারা।
টানা তিনদিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটেই অফিসে রওনা হন।
এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী গাড়িগুলো বিকল্পপথ ব্যবহারের চেষ্টা করে। তবে গাড়ির সংখ্যা বেশি থাকায় অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজট।
টিএনজেড গ্রুপের এই একটি পোশাক কারখানা ছাড়া শিল্পনগরীর অন্যসব পোশাক কারখানায় স্বাভাবিকভাবেই সকালে কাজে যোগ দেন তৈরি পোশাক শ্রমিকরা।