বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ এমনটা জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব ও প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি।

নিজস্ব প্রতিবেদক,
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান।
নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথের প্রতিনিধি দলের ৬ সদস্য।
বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুইস বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কার কমিশনকে সব ধরনের সহোযোগিতা করতে ইচ্ছুক কমনওয়েলথ।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা সব ধরনের সহোযোগিতা করতে ইচ্ছুক।
এদিকে ১৮ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস বৈঠক করেন।
ওই বৈঠকে ‘বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ’ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কমনওয়েলথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন লুইস।
তিনি গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার উন্নতির জন্য নানা পদক্ষেপসহ চলমান সংস্কারমূলক উদ্যোগে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে জোরালো আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।
প্রসঙ্গত, চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসির নেতৃত্বাধীন কমনওয়েলথের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ঢাকা সফরের সময় তারা অন্তর্বর্তী সরকারের গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।